আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতা বিষয়ে যে সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছিল, তা শেষ পর্যন্ত আর অনুষ্ঠিত হয়নি। নির্ধারিত সময়ের আগেই তা স্থগিতের ঘোষণা আসে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ গণমাধ্যমে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় সংবাদ সম্মেলন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন। তবে এ সিদ্ধান্তের পেছনের সুনির্দিষ্ট কারণ তিনি উল্লেখ করেননি।
এর আগে একই দিন বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো এক আমন্ত্রণপত্রে জানানো হয়, বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর মুক্তিযোদ্ধা হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে জামায়াতে ইসলামীসহ ১১ দলের নির্বাচনী আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানানো হয়েছিল। এতে জোটভুক্ত দলগুলোর শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা ছিল।
সংবাদ সম্মেলন হঠাৎ স্থগিত হওয়ার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জোটের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিন বিকেলে দলের এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
সংবাদ সম্মেলন স্থগিত প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সংবাদ সম্মেলন তো আমরা আহ্বান করিনি।’ তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, কেউ সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে এবং পরে নিজেরাই তা বাতিল করেছে। এ বিষয়ে জোটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। ফলে এর দায় বা সংশ্লিষ্টতার সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো সম্পর্ক নেই।’
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়াও এই ১১ দলীয় জোটে রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), এবি পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।