দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে দায়িত্বশীল ও সংযত ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (১৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তিনি এই আহ্বান জানান।
ফেসবুক পোস্টে তিনি বলেন, দীর্ঘ ত্যাগ ও কুরবানির মধ্য দিয়ে সংগঠন এবং জাতি আজ একটি গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। বর্তমান সময়টি জাতীয় জীবনের জন্য অত্যন্ত সংবেদনশীল ও তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, এই মুহূর্তে সবাইকে সর্বোচ্চ ধৈর্য, প্রজ্ঞা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কারও প্রতি কোনো ধরনের নেতিবাচক বা বিরূপ আচরণ করা থেকে বিরত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নিজের বক্তব্যে সংগঠনের আদর্শিক অবস্থান তুলে ধরে জামায়াত আমির বলেন, তাদের একমাত্র লক্ষ্য আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা।
পোস্টের শেষাংশে তিনি আশা প্রকাশ করে বলেন, সকলেই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং এ পথে আল্লাহর সাহায্য কামনা করেন।