আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের আসন সমঝোতা সংক্রান্ত আজ বিকেলের সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ গণমাধ্যমে পাঠানো এক সংক্ষিপ্ত বার্তায় এই তথ্য নিশ্চিত করেন। এর আগে বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছিল।
জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের এক সিনিয়র নেতা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, মূলত জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে সৃষ্ট জটিলতার কারণে সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে চায়নি বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, “জোটের সকল সদস্যের সঙ্গে আলোচনা করে এই জটিলতা দ্রুত সমাধান করার চেষ্টা চলছে। আশা করি শিগগিরই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।”
উল্লেখ্য, ১১ দলীয় জোটে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), এবি পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) অন্তর্ভুক্ত।