আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতার বিষয়ক সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে ১১ দলের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় সংবাদ সম্মেলন স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) সংবাদ সম্মেলনের আয়োজনের কথা ছিল।
জোটভুক্ত দলগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), এবি পার্টি ও এলডিপি।
জোট সূত্রে জানা গেছে, আসন সমঝোতায় জামায়াতে ইসলামী ১৯০টি আসনে দাঁড়িপাল্লা প্রতীকের মাধ্যমে লড়বেন। ইসলামী আন্দোলন ৪৫টি আসন, এনসিপি ২৫–৩০টি আসনে শাপলা কলি প্রতীকের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টি, খেলাফত মজলিস ৬টি, এলডিপি ৬টি, এবি পার্টি ২টি, বিডিপি ২টি এবং খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা ১টি করে আসনে লড়বে।
জোটের কর্মকর্তা জানান, ইসলামী আন্দোলনের সম্মানজনক সংখ্যক আসন প্রদানের বিষয়ে চূড়ান্ত সমঝোতা না হওয়ায় কিছু জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে ৮–১০টি আসনে দুই বা তিনটি দলের শীর্ষ ও জনপ্রিয় নেতারা একই আসনে প্রার্থী হতে আগ্রহী। এই পরিস্থিতিতে কিছু আসনে ‘ওপেন ইলেকশন’ বা উন্মুক্ত নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে।