প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে একটায় সায়েন্সল্যাব মোড়সহ রাজধানীর বিভিন্ন পয়েন্ট অবরোধ করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত তারা মোড় ছাড়বেন না।
শিক্ষার্থীদের এ কর্মসূচির কারণে সায়েন্সল্যাব সংলগ্ন সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে পথচারী ও যানবাহন চালকদের মধ্যে ভোগান্তি সৃষ্টি হয়েছে।
ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা ১৫ জানুয়ারির আগে রাজপথে নামতে চাইনি। সরকার কিছু সময় নিয়েছে, আমরা অপেক্ষা করেছি। কিন্তু এ সময়ে কোনো দৃশ্যমান অগ্রগতি না দেখে বাধ্য হয়ে রাজপথে নামতে হলো। অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আমরা অবস্থান চালিয়ে যাব।’
এর আগে দুপুর ১২টার দিকে ঢাকা কলেজ ও ইডেন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল আয়োজন করে। এরপর মিছিল নিয়ে তারা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন।
প্রসঙ্গত, সরকারি সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের জন্য প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়। প্রকাশের পর বিভিন্ন মহলে তা নিয়ে ব্যাপক আলোচনা ও বিতর্ক দেখা দেয়।
শিক্ষা মন্ত্রণালয় খসড়া হালনাগাদ করতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক বৈঠক আয়োজন করে। এরপরও সরকার নির্ধারিত সময়ের মধ্যে অধ্যাদেশ জারি না করায় শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি শুরু করেছেন।