প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাকিবুল হত্যার বিচারের দাবিতে আজও ফার্মগেট অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬

সাকিবুল হাসান রানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা ফার্মগেট মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। এর আগে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ অবরোধ করলে দুই সড়কেই যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বুধবার (১৪ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট-খামারবাড়ি অভিমুখী অংশে অবস্থান নেন। পরে সাড়ে ১২টার দিকে তারা ফার্মগেট মোড় অবরোধ করলে পুরো এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, অবরোধের কারণে ফার্মগেট ও আশপাশের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করেন, সাকিবুল হত্যার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও মামলার অগ্রগতিতে দৃশ্যমান কোনো ফল নেই। তারা বলেন, খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ এবং ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন স্লোগান দেন।

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর রাতে তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে অন্তত তিনজন শিক্ষার্থী আহত হন। তাদের মধ্যে উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা গুরুতর আহত হন। পরে তাকে আইসিইউতে ভর্তি করা হলেও চার দিন চিকিৎসাধীন থাকার পর ১০ ডিসেম্বর দুপুরে তার মৃত্যু হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা