প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গুম ও গণহত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬

শতাধিক গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শুনানির শুরুতে আসামিপক্ষের পক্ষ থেকে জিয়াউল আহসানের অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এরপর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ পাঠ করে শোনান। অভিযোগ পাঠ শেষে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের দোষ স্বীকার করবেন কি না—এ প্রশ্নের জবাবে জিয়াউল আহসান নিজেকে নির্দোষ দাবি করেন। পরে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা। অপরদিকে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও নাজনীন নাহার।

শুনানির দিন সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে প্রিজনভ্যানে করে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তিনি বর্তমানে একাধিক মামলায় কারাবন্দি রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে প্রথমটি ২০১১ সালের ১১ জুলাই গাজীপুরের পুবাইল এলাকায় তিন ব্যক্তিকে হত্যার সঙ্গে সংশ্লিষ্ট। দ্বিতীয় অভিযোগে ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার বলেশ্বর নদীর মোহনায় অন্তত ৫০ জন হত্যার কথা উল্লেখ করা হয়েছে। তৃতীয় অভিযোগে একই সময়ে সুন্দরবন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের নামে আরও ৫০ জন হত্যার অভিযোগ আনা হয়।

এর আগে গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের এসব মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা