প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রথম ঘণ্টায় ৩৬ আপিল শুনানি: অনুমোদন পেল ২৮ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের পঞ্চম দিনে প্রথম ঘণ্টায় মোট ৩৬টি আপিলের শুনানি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে ২৮টি আপিল গ্রহণ করা হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ শুনানি শুরু হয়। প্রথম দফার শুনানি শেষে বেলা সাড়ে ১১টায় বিরতি দেওয়া হয়। এ সময় ৫টি আপিল খারিজ করা হয়েছে, একটি আপিল বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মুলতবি রাখা হয়েছে এবং ২টি আপিলে আবেদনকারীরা অনুপস্থিত ছিলেন।

শুনানিতে উঠে আসে, রাজশাহী-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আল-সাআদের জমা দেওয়া এক শতাংশ ভোটার তালিকা থেকে দৈবচয়নে বাছাই করা ১০ জনের কাউকেই যাচাই করা সম্ভব হয়নি। একই কারণে মানিকগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল আলী বেপারীর ক্ষেত্রে ১০ জনের মধ্যে ৮ জন এবং সিরাজগঞ্জ-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. হুমায়ুন কবিরের ক্ষেত্রে একজনকেও শনাক্ত করা না যাওয়ায় তাদের মনোনয়ন বাতিল বহাল রাখা হয়েছে।

এছাড়া ঋণখেলাপির অভিযোগে চট্টগ্রাম-১৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

অন্যদিকে কুমিল্লা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আব্দুল মতিনের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন। একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার করা আপিল খারিজ করে ইসি আব্দুল মতিনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা