২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্বভ্রমণের অংশ হিসেবে আজ বুধবার সকালে বিশ্বকাপের মূল ট্রফি ঢাকায় এসে পৌঁছেছে। ট্রফি বহনকারী বিশেষ বিমানটি রাজধানীতে অবতরণ করলেও আয়োজকদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ছবি প্রকাশ করা হয়নি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত বরণ পর্ব শেষে ট্রফিটি রাজধানীর রেডিসন ব্লু হোটেলে নেওয়া হবে। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তাসহ ফুটবল সংশ্লিষ্ট ব্যক্তিরা ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। পাশাপাশি কোকা-কোলার প্রোমোশনাল ক্যাম্পেইনে নির্বাচিত বিজয়ীরাও এই বিশেষ অভিজ্ঞতার অংশ হবেন।
ফিফার দীর্ঘদিনের স্পন্সর কোকা-কোলার উদ্যোগেই বিশ্বকাপ ট্রফির এই বৈশ্বিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। আগের কয়েকটি বিশ্বকাপ আসরেও একইভাবে বিশ্বের বিভিন্ন দেশে ট্রফি প্রদর্শনের আয়োজন করেছিল প্রতিষ্ঠানটি।
বাংলাদেশে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি আসে ২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপের আগে। এরপর ২০১৩ ও ২০২২ সালে আরও দুই দফা ঢাকায় প্রদর্শিত হয় ট্রফিটি। সব মিলিয়ে এবার চতুর্থবারের মতো বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ ট্রফির উপস্থিতি ঘটল।