বিশ্বভ্রমণের অংশ হিসেবে ২০২৬ ফিফা বিশ্বকাপের মূল ট্রফি আজ বুধবার (১৪ জানুয়ারি) সকালে বাংলাদেশে আসছে। ভারতের দিল্লি ও গুয়াহাটি সফর শেষে সোনালি এই ট্রফি বহনকারী বিশেষ বিমানটি সকাল ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বিমানবন্দরে আনুষ্ঠানিক বরণ পর্ব শেষে ট্রফিটি সরাসরি রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে নেওয়া হবে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানেই সীমিত পরিসরে ট্রফিটি প্রদর্শিত হবে। একদিনের সংক্ষিপ্ত সফর শেষে রাতেই বাংলাদেশ ত্যাগ করবে বিশ্বকাপ ট্রফি।
এটি বাংলাদেশের ইতিহাসে চতুর্থবারের মতো ফিফা বিশ্বকাপ ট্রফির আগমন। এর আগে ২০০২, ২০১৩ ও ২০২২ সালের বিশ্বকাপের আগে ট্রফিটি ঢাকায় প্রদর্শিত হয়েছিল।
কোকা-কোলার উদ্যোগে আয়োজিত ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরটি ৩০টি ফিফা সদস্য দেশে প্রায় ১৫০ দিন ধরে চলবে। গত ৩ জানুয়ারি সৌদি আরবে ইতালির কিংবদন্তি ফুটবলার আলেসান্দ্রো দেল পিয়েরোর মাধ্যমে এই যাত্রার সূচনা হয়। বাংলাদেশ পর্বে ফিফার প্রতিনিধি হিসেবে ট্রফির সঙ্গে রয়েছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা গিলবার্তো সিলভা।
এই বিশ্বভ্রমণে ট্রফিটি মোট ৭৫টি স্থানে প্রদর্শিত হবে এবং সফরের সমাপ্তি ঘটবে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকোতে। আগামী ১২ জুন মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশ নিয়ে নির্বাচিত বিজয়ীরাই ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ট্রফি স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ। ভেন্যুতে প্রবেশের জন্য বৈধ টিকিট ও কোকা-কোলার ক্যাপ সঙ্গে রাখা বাধ্যতামূলক। এছাড়া বড় ব্যাগ বহন, ধূমপান এবং কোনো দেশ বা ক্লাবের পতাকা নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া ২৩তম ফিফা বিশ্বকাপে ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।