প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিক্ষোভে উত্তাল ইরানে নিহতের সংখ্যা প্রায় ২৪০০: মার্কিন সংস্থা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬

ইরানজুড়ে চলমান সরকারবিরোধী আন্দোলনে পরিস্থিতি আরও সহিংস রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, গত বছরের ডিসেম্বরের শেষ দিক থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৪০৩ জন আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সংস্থাটির তথ্যমতে, নিহতদের মধ্যে ১৮ বছরের নিচে বয়সী অন্তত ১২ জন রয়েছে। পাশাপাশি এই সময়কালে দেশজুড়ে প্রায় ১৮ হাজার ১৩৭ জন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে বলেও জানানো হয়েছে।

এইচআরএএনএ বলছে, সাম্প্রতিক দিনগুলোতে মৃত্যুর সংখ্যা দ্রুত বেড়েছে। তবে ইরানে ইন্টারনেট সংযোগ সীমিত থাকায় প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিএনএন জানিয়েছে, তারা স্বাধীনভাবে এসব তথ্য যাচাই করতে পারেনি।

এদিকে মঙ্গলবার রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ইরানের একজন সরকারি কর্মকর্তা জানান, চলমান অস্থিরতায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট প্রায় ২ হাজার মানুষ নিহত হয়েছেন। এটি ছিল বিক্ষোভ শুরুর পর ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রথমবারের মতো বড় পরিসরে হতাহতের সংখ্যা স্বীকার।

ওই কর্মকর্তা দাবি করেন, বিক্ষোভকারীদের একটি অংশ সহিংস ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল এবং প্রাণহানির জন্য তারাই দায়ী। তবে নিহতদের মধ্যে বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংখ্যা আলাদাভাবে উল্লেখ করা হয়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা