প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মারা গেছেন বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌস আরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা আর নেই। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে জানান, গত মঙ্গলবার হঠাৎ করে তীব্র মাথাব্যথায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার একপর্যায়ে তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে থাকতে পারেন, তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হয়নি।

ফেরদৌস আরা ছিলেন বিসিএস ৩৬তম ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। কর্মজীবনের শুরুতে তিনি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ৯ জানুয়ারি তিনি বাঞ্ছারামপুর উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন।

তার পৈতৃক বাড়ি চাঁদপুর জেলায় হলেও জন্ম ঢাকায়। তিনি এক কন্যা সন্তানের জননী। তার স্বামী একজন শিক্ষক এবং শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।

তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও প্রশাসনের বিভিন্ন স্তরে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা