ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১১ দল নিয়ে গঠিত জোটের মধ্যে আসন বণ্টন নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। জোট সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কিছু আসন নিয়ে আলোচনা বাকি থাকলেও আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে আসন বণ্টনের ঘোষণা আসতে পারে।
মঙ্গলবার এ বিষয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং রাতে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেই বাকি থাকা আসনগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আসন ভাগাভাগির তথ্য জানানো হবে।
জোটের ভেতরের প্রাথমিক সমঝোতা অনুযায়ী, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীক নিয়ে প্রায় ৪৫টি আসনে প্রার্থী দিতে পারে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীক নিয়ে লড়তে পারে ৩০টি আসনে। বাংলাদেশ খেলাফত মজলিস পেতে পারে ১৫টি আসন, ইসলামী ঐক্যজোট ও এলডিপি ৬টি করে আসনে প্রার্থী দিতে পারে। এছাড়া এবি পার্টি ও বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি (বিডিপি) ২টি করে আসনে অংশ নিতে পারে। খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাগপা একটি করে আসনে নির্বাচন করতে পারে বলে জানা গেছে। তবে এসব সংখ্যা চূড়ান্ত হবে রাতের বৈঠকের পর।
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সম্পাদক শেখ ফজলে বারী মাসুদ বলেন, আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে এবং রাতে আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকালই চূড়ান্ত ঘোষণা আসতে পারে।
১১ দলীয় জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ জানান, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে বুধবারই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও জানিয়েছিলেন, আজ অথবা আগামীকালের মধ্যেই জোটের সব দলকে একত্র করে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।