প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শুক্রবার জামালপুর সমিতির বার্ষিক বনভোজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬

ঢাকাস্থ জামালপুর সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বার্ষিক বনভোজন। আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) গাজীপুরের সী শেল পার্ক অ্যান্ড রিসোর্টে এই মিলনমেলা অনুষ্ঠিত হবে। এতে ঢাকায় বসবাসরত জামালপুর জেলার মানুষ পরিবার-পরিজন নিয়ে অংশগ্রহণ করবেন।

 

বনভোজন সফল করতে সমিতির বিভিন্ন উপকমিটি ইতোমধ্যে ব্যস্ত সময় পার করছে। আজীবন সদস্যদের পরিবার ছাড়াও জামালপুরের নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন পরিণত হবে উৎসবমুখর এক মিলনমেলায়।

 

অনুষ্ঠানে থাকছে খেলাধুলা, র‌্যাফেল ড্রসহ নানা বিনোদনমূলক আয়োজন। পাশাপাশি আয়োজন করা হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী লুইপা ও রিংকু পাল।

 

এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও সাবেক সংসদ সদস্য, ঢাকাস্থ জামালপুর সমিতির সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত এবং সংগঠনের মহাসচিব মো. তারিকুল আজম।

 

বনভোজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীকে আহ্বায়ক, ক্যাপ্টেন মো. শহীদুল ইসলাম (অবসরপ্রাপ্ত নৌবাহিনী) কে সদস্য সচিব এবং গোলাম হাফিজ নাহিনকে যুগ্ম সদস্য সচিব করে ২১ সদস্যের একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে।

 

অংশগ্রহণকারীদের যাতায়াতের জন্য এলাকাভিত্তিক বাস সার্ভিসের ব্যবস্থাও রাখা হয়েছে। আগ্রহীরা নির্ধারিত রেজিস্ট্রেশনের মাধ্যমে কুপন সংগ্রহ করে বনভোজনে অংশ নিতে পারবেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা