প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ময়মনসিংহে পুলিশের ওপর সশস্ত্র হামলা করে আসামি ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬

ময়মনসিংহ নগরীতে মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা হাতকড়াসহ আরিফুল ইসলাম নামে ওই আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় পাঁচজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে সেখানে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা টহলে নামেন। ঘটনার পরপরই আসামির বাবা সাগর আলীকে আটক করেছে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, কয়েক দিন আগে স্থানীয় এক ব্যক্তি রাসেলকে কুপিয়ে ও মারধরের ঘটনায় মামলা হয়। ওই মামলার তদন্তে এসআই ফরিদ আহমদের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আসামিকে নিয়ে ফেরার পথে সাগর আলীর নেতৃত্বে কয়েকশ লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পুলিশ সদস্যদের মারধর করে আহত করা হয় এবং আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হয়।

এসআই ফরিদ আহমদ জানান, আহতদের মধ্যে একজন এএসআই ও চারজন কনস্টেবল রয়েছেন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মো. নাজমুস সাকিব বলেন, কর্তব্যরত পুলিশের ওপর এ ধরনের হামলা অত্যন্ত গুরুতর অপরাধ। আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা