প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বুধবার ঢাকার তিন পয়েন্টে অবরোধের ঘোষণা ৭ কলেজ শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আগামী বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি পালন করবে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আন্দোলনের অর্গানাইজিং উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বুধবার সকাল ১১টা থেকে একযোগে রাজধানীর তিনটি পয়েন্টে শিক্ষার্থীরা অবস্থান নেবেন।

সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা অবস্থান করবেন। টেকনিক্যাল মোড়ে সরকারি বাঙলা কলেজ ও তিতুমীর কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন। আর তাঁতিবাজার এলাকায় কবি নজরুল সরকারি কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের শিক্ষার্থীরা কর্মসূচিতে যুক্ত থাকবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সাত কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। তবে এখনো চূড়ান্ত অধ্যাদেশ জারি না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে।

শিক্ষার্থীরা জানান, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ অনুমোদনের মাধ্যমে অধ্যাদেশ জারি করতে হবে। দাবি পূরণ না হলে শান্তিপূর্ণ হলেও কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এদিকে অবরোধ কর্মসূচি সফল করতে সাত কলেজের সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন আন্দোলনের নেতৃবৃন্দ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা