প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আগামীকাল ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬

ফুটবলপ্রেমীদের জন্য আনন্দের খবর—ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বুধবার (১৪ জানুয়ারি) ঢাকায় পৌঁছাচ্ছে। তবে ট্রফিটি সবার জন্য উন্মুক্তভাবে প্রদর্শিত হবে না। কোকা–কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমোশনাল ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা নির্বাচিত হয়ে ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন।

এই বিশেষ ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদের নির্দিষ্ট প্রোমোশনাল বোতল কিনে কিউআর কোড স্ক্যান করতে হতো এবং ফিফা–থিমভিত্তিক কুইজে অংশ নিতে হতো। বিজয়ীরা এক্সক্লুসিভ পাস পান, যার মাধ্যমে তারা ট্রফি দেখতে পারবেন।

ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের ষষ্ঠ আসর সম্প্রতি সৌদি আরবের রিয়াদ থেকে শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইতালির কিংবদন্তি ফুটবলার ও ২০০৬ বিশ্বকাপজয়ী আলেসান্দ্রো দেল পিয়েরো এবং সৌদি ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা। রিয়াদ পর্বে দেল পিয়েরো শিশুদের জন্য ফুটবল ক্লিনিকও আয়োজন করেন এবং সাধারণ দর্শকদের জন্য ফ্যান ইভেন্ট অনুষ্ঠিত হয়।

ট্যুরের মাধ্যমে ট্রফি ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি স্থানে প্রদর্শিত হবে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময়। ঢাকায় ট্রফির আগমন দেশের ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ অভিজ্ঞতা হিসেবে দেখা দিচ্ছে।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিহাসের সবচেয়ে বড় আসর হবে। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে টুর্নামেন্ট আয়োজন করবে। এতে ৪৮টি দল অংশ নেবে এবং ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ট্রফি ট্যুরে ভবিষ্যতের বিশ্বকাপ ও নারী বিশ্বকাপ আয়োজনকারী দেশগুলোকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।

কোকা–কোলার ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেন, “ফুটবল মানুষের মধ্যে সংযোগ তৈরি করে এবং দুই দশকের বেশি সময় ধরে এই ট্রফি ট্যুর বিশ্বজুড়ে সেই উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে।” ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাইওর মতে, “বিশ্বকাপ ট্রফি খেলাধুলার সর্বোচ্চ সম্মানের প্রতীক এবং ঢাকায় এর প্রদর্শনী দেশের ফুটবলভক্তদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা