রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসভবনে দুর্বৃত্তদের হাতে নিহত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও হোমিও চিকিৎসক মোহাম্মদ আনোয়ার উল্লাহ। গভীর রাতে বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে তাকে হত্যা করা হয়। ঘটনার পর বাসা থেকে প্রায় আট ভরি স্বর্ণালংকার ও নগদ পাঁচ লাখ টাকা লুট করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, এটি সাধারণ চুরির ঘটনা নয়; বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
সোমবার (১২ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় এই ঘটনা ঘটে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, দুই যুবক প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তারা প্রায় দুই ঘণ্টার মতো বাসার ভেতরে অবস্থান করে এবং ভোরের দিকে বেরিয়ে যায়। পরিবারের ধারণা, হত্যার বিষয়টি নিশ্চিত করেই তারা বাসা ত্যাগ করে।
নিহত আনোয়ার উল্লাহ ওই বাসার দোতলায় স্ত্রীসহ বসবাস করতেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা ভেতরে ঢুকে প্রথমে স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে ফেলে। এরপর আনোয়ার উল্লাহকে হত্যা করে স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।
জামায়াতে ইসলামীর নেতারা জানিয়েছেন, মোহাম্মদ আনোয়ার উল্লাহ ঢাকা মহানগর উত্তর জামায়াতের শের-ই-বাংলা নগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহসভাপতি ও রুকন ছিলেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে গ্রিল কেটে বাসায় ঢুকে হত্যার ঘটনায় তারা নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই সুষ্ঠু তদন্ত ও দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি (মিডিয়া) শাখার কর্মকর্তা তালেবুর রহমান জানান, ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি, তবে প্রক্রিয়া চলমান। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।
৬৫ বছর বয়সী আনোয়ার উল্লাহ মৃত্যুকালে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি এলাকায় একজন মানবিক চিকিৎসক হিসেবেও পরিচিত ছিলেন।ৃ