প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচন ও গণভোটে জনসচেতনতা বাড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটাধিকার ও নাগরিক দায়িত্ব বিষয়ে জনসচেতনতা জোরদারে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ উদ্যোগের অংশ হিসেবে এখন থেকে বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক চিঠিপত্রে নির্বাচন ও গণভোট বিষয়ক বিশেষ লোগো ব্যবহার করা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়, সরকারি নির্দেশনার আলোকে তৃণমূল পর্যায়ে ভোটের গুরুত্ব তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের সকল অফিসিয়াল পত্রে নির্ধারিত লোগো সংযোজন বাধ্যতামূলক করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাপ্ত ‘গণভোট ২০২৬ সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে’ শীর্ষক লোগোটি প্রতিটি দাপ্তরিক চিঠির উপরের ডান পাশে ব্যবহার করতে হবে।

এই নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ডিন, বিভাগীয় ও দপ্তর প্রধান, আঞ্চলিক কেন্দ্রের প্রধানসহ সংশ্লিষ্ট সকল প্রশাসনিক ও একাডেমিক ইউনিটের জন্য কার্যকর হবে। আদেশ বাস্তবায়নে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও আঞ্চলিক কেন্দ্রকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

এর আগে গত ১১ জানুয়ারি সরকার থেকে জারি করা এক নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পূর্ব পর্যন্ত সব সরকারি পত্র, আদেশ, প্রজ্ঞাপন ও পরিপত্রে উক্ত লোগো ব্যবহার করতে হবে। পাশাপাশি সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে এ সংক্রান্ত ব্যানার প্রদর্শনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা