চুয়াডাঙ্গার জীবননগরে যৌথবাহিনীর অভিযানে আটক এক বিএনপি নেতার মৃত্যুকে কেন্দ্র করে অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে সেনানিবাসে ফিরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, গত ১২ জানুয়ারি রাত আনুমানিক ১১টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জীবননগর উপজেলায় অবৈধ অস্ত্র উদ্ধারের উদ্দেশ্যে যৌথবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশের একটি ওষুধের দোকান থেকে মো. শামসুজ্জামান ওরফে ডাবলু (৫০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার দেওয়া তথ্য অনুযায়ী দোকানটিতে তল্লাশি চালিয়ে একটি ৯ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভিযান শেষে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আটক ব্যক্তিকে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
আইএসপিআর ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করে জানিয়েছে, এমন ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট ক্যাম্প কমান্ডারসহ অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে।
একই সঙ্গে সঠিক কারণ নির্ণয়ের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কারও দায় প্রমাণিত হলে সেনা আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।