প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন মামলায় চারজনের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬

জামালপুরে পৃথক দুটি নারী ও শিশু নির্যাতন দমন মামলায় ৪ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত।মঙ্গলবার (১৩ জানুয়ারী) জামালপুর শিশু আদালত-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মুহাম্মদ আবদুর রহিম এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্র জানায়, নারী ও শিশু মামলা নং-২৯৩/২০২৩ এর রায়ে প্রধান আসামি মো. নয়নকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ১০ ধারায় দোষী সাব্যস্ত করে ৮ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে তাকে সত্তর হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​এছাড়া এই মামলার অন্য দুই আসামি মো. আনোয়ার এবং মোছা. শাহনাজ পারভীনকে ১০/৩০ ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানার সমুদয় টাকা ভিকটিম মাহবুবা জান্নাত ইরা পাবেন বলে আদালতের আদেশে উল্লেখ করা হয়।

অন্যদিকে, ইসলামপুর থানার অপর একটি মামলায় (নং-১৩১/২০২৩) স্ত্রীকে নির্যাতনের দায়ে মো. ফরিদ খন্দকার নামে এক ব্যক্তিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন একই আদালত। দণ্ডপ্রাপ্ত ফরিদ ইসলামপুরের চরচারিয়া গ্রামের মো. হোসেন আলীর ছেলে। তাকে আইনের ১১(গ) ধারায় দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের পাশাপাশি বিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা ভিকটিম মোছা. সুবর্না আক্তার পিংকি প্রাপ্য হবেন।

জানা যায়, ​রাষ্ট্রপক্ষে মামলাগুলো পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট ফজলুল হক। রায়ের পর দণ্ডিত আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা