প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না: সালাহউদ্দিন আহমদ

swadesh bangla salahuddin ahmed
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামীর বাংলাদেশে আর কোনো গণতান্ত্রিক সরকার পথভ্রষ্ট হতে পারবে না। এমন একটি কার্যকর সংসদ গঠনের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ভবিষ্যতের সংসদ হবে মানুষের কথা বলার জায়গা—যেখানে উন্নয়ন, গণতান্ত্রিক অধিকার ও জনস্বার্থই অগ্রাধিকার পাবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার পালাকাটা মাছঘাট এলাকায় চিরিঙ্গা ইউনিয়ন বিএনপি কার্যালয়ে মহিলা দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী সংসদে এমন আইন প্রণয়ন করা হবে, যা দেশকে সামনের দিকে এগিয়ে নেবে। তিনি আরও বলেন, সংসদ হবে মতবিনিময়ের জায়গা—সেখানে থাকবে গঠনমূলক বিরোধিতা, থাকবে জনগণের পক্ষে জোরালো বক্তব্য। প্রশংসার সংস্কৃতির পরিবর্তে মানুষের বাস্তব সমস্যাই আলোচনার কেন্দ্রে থাকবে।

তিনি উল্লেখ করেন, আসন্ন জাতীয় নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি দেশের ভবিষ্যৎ পথনির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং অতীতের আত্মত্যাগের ভিত্তিতে প্রস্তুত করা লক্ষ্য বাস্তবায়নের জন্য এ নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, আগামীর নির্বাচন দেশের ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হবে, যার মাধ্যমে গণতন্ত্র দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে এবং সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী হয়ে উঠবে।

সভায় আরও উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল কাঁকন, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব শরিফুল আলমসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা