প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় দফায় দায়িত্ব গ্রহণের পর অভিবাসন নীতিতে কড়াকড়ি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় গত এক বছরে দেশটি এক লাখের বেশি ভিসা বাতিল করেছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অভিবাসন আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। এর ফলে বিপুলসংখ্যক ভিসা বাতিলের পাশাপাশি অনেক অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাতিল হওয়া ভিসাগুলোর মধ্যে প্রায় ৮ হাজার ছিল শিক্ষার্থী ভিসা। এছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্ট থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসা ব্যক্তিদের প্রায় ২ হাজার ৫০০টি বিশেষ ক্যাটাগরির ভিসাও বাতিল করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ভিসা বাতিলের পাশাপাশি নতুন ভিসা প্রদানের ক্ষেত্রেও আগের চেয়ে অনেক বেশি কঠোর নীতিমালা অনুসরণ করা হচ্ছে। গত বছর বৈধ ভিসা থাকা সত্ত্বেও অনেক অভিবাসীকে আটক করে হাত-পা বেঁধে নিজ দেশে ফেরত পাঠানোর ঘটনাও ঘটেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগোট জানান, ভিসা বাতিলের ক্ষেত্রে চারটি বিষয় প্রধান ভূমিকা রেখেছে। সেগুলো হলো—ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকা এবং চুরির অভিযোগ।
তিনি আরও জানান, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ভিসা বাতিলের সংখ্যা প্রায় ১৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এই পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।