‘উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা–২০২৬’ প্রতিপাদ্যে আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন। রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এই সম্মেলন চলবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।
আন্তর্জাতিক এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ৩০ জন আন্তর্জাতিক প্রতিনিধি সম্মেলনে অংশ নেবেন। যুক্তরাজ্য, মালদ্বীপ, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা এতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
ইউজিসির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে ইউজিসি বাস্তবায়নাধীন ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)’ প্রকল্পের আওতায় এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ সভাপতিত্ব করবেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন শিক্ষা সচিব রেহানা পারভীন এবং বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম। স্বাগত বক্তব্য দেবেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান।
সম্মেলনে সার্কভুক্ত দেশগুলোর উচ্চশিক্ষা কমিশনের প্রতিনিধি, বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণের কথা রয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, কূটনীতিক এবং দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
ইউজিসি জানায়, দেশের উচ্চশিক্ষাকে যুগোপযোগী করা এবং দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা নেটওয়ার্ককে আরও সুসংহত করাই এই সম্মেলনের মূল লক্ষ্য।
তিন দিনব্যাপী সম্মেলনে মোট আটটি সেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিনে দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার বর্তমান অবস্থা, সুশাসন, গুণগতমান ও অন্তর্ভুক্তি এবং গবেষণা ও উদ্ভাবন নিয়ে আলোচনা হবে।
দ্বিতীয় দিনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল রূপান্তর, স্মার্ট লার্নিং ব্যবস্থা, গ্র্যাজুয়েটদের কর্মসংস্থান, শিল্প ও শিক্ষাঙ্গনের সমন্বয় এবং উচ্চশিক্ষার ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে একাধিক সেশন অনুষ্ঠিত হবে।
সম্মেলনের শেষ দিনে উচ্চশিক্ষায় জেন্ডার ইস্যু নিয়ে আলোচনা শেষে ‘ঢাকা হায়ার এডুকেশন ডিক্লারেশন’ ঘোষণার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটবে।