প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে তিনটি ঝুঁকির কথা জানাল আইসিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে সম্ভাব্য তিনটি ঝুঁকির কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) একটি চিঠি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সোমবার বিকেলে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য জানান। পরে বিসিবিও নিশ্চিত করে যে, এটি আইসিসি ও বিসিবির মধ্যে নিরাপত্তা-সংক্রান্ত নিয়মিত অভ্যন্তরীণ যোগাযোগের অংশ।

আইসিসির নিরাপত্তা বিভাগের ব্যবস্থাপক গত ৮ জানুয়ারি বিসিবির নিরাপত্তা উপদেষ্টার কাছে পাঠানো এক ই-মেইলে এই বিষয়গুলো তুলে ধরেন। সেখানে ভারতে বিশ্বকাপে অংশগ্রহণের ক্ষেত্রে বাংলাদেশ দল ও সমর্থকদের জন্য সম্ভাব্য ঝুঁকি নিয়ে একটি ‘রিস্ক অ্যাসেসমেন্ট সামারি’ উল্লেখ করা হয়।

আইসিসি সাধারণত বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে প্রতিটি দল ও ভেন্যু ঘিরে এমন ঝুঁকি মূল্যায়ন করে থাকে, যাতে আগাম প্রস্তুতি ও নিরাপত্তা জোরদার করা যায়।

মোস্তাফিজুর রহমান প্রসঙ্গে সতর্কতা

ডিসেম্বরে করা প্রাথমিক মূল্যায়নে পুরো বিশ্বকাপের ঝুঁকি মাত্রা ‘মডারেট’ হিসেবে চিহ্নিত হলেও বাংলাদেশের ক্ষেত্রে তা ‘মডারেট টু হাই’ বলা হয়। পরবর্তী পর্যালোচনায় ঝুঁকি মাঝারি পর্যায়ের উল্লেখ করা হলেও সতর্ক করা হয়েছে যে, ধর্মীয় উগ্রপন্থা সংশ্লিষ্ট কোনো পরিস্থিতিতে মোস্তাফিজুর রহমানের উপস্থিতি বাড়তি সংবেদনশীলতা তৈরি করতে পারে।

ভেন্যু ও ম্যাচ নিরাপত্তা

সূচি অনুযায়ী বাংলাদেশ দল বেঙ্গালুরুতে একটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ হবে কলকাতায় এবং একটি মুম্বাইয়ে। ম্যাচের সময়, ভেন্যু ও প্রতিপক্ষ বিবেচনায় এসব স্থানে দলের নিরাপত্তা ঝুঁকি ‘মিডিয়াম-লো’ বা মাঝারি থেকে কম হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তার মূল্যায়ন অনুযায়ী, সাম্প্রতিক পরিস্থিতিতেও এমন কোনো নিরাপত্তা শঙ্কা তৈরি হয়নি যা বিদ্যমান পরিকল্পনার বাইরে।

সমর্থকদের ক্ষেত্রে ঝুঁকি বেশি

আইসিসির প্রতিবেদনে বলা হয়েছে, খেলোয়াড়দের তুলনায় বাংলাদেশি সমর্থকদের ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে। বিশেষ করে যারা দলীয় জার্সি পরে বা ছোট দলে স্টেডিয়ামে যাবেন, তাদের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা মাঝারি থেকে উচ্চ হিসেবে ধরা হয়েছে। কোনো সহিংস ঘটনা ঘটলে তা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে বলে উল্লেখ করা হয়।

রাজনৈতিক প্রেক্ষাপট

চিঠিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের মধ্যকার সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন এবং ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন স্বল্প ও মধ্যম মেয়াদে আঞ্চলিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। তবে বর্তমান মূল্যায়নে এসব বিষয় ম্যাচ ভেন্যু বা খেলোয়াড়দের বিরুদ্ধে সরাসরি সহিংসতায় রূপ নেওয়ার আশঙ্কা নেই।

আইসিসি জানিয়েছে, নির্ধারিত ভেন্যুগুলোতে বাংলাদেশ দলের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আরও পর্যালোচনা চলছে এবং এ বিষয়ে বিসিবির নিরাপত্তা উপদেষ্টার মতামত প্রত্যাশা করা হচ্ছে।

বিসিবির বক্তব্য

বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ক্রীড়া উপদেষ্টার মন্তব্যটি আইসিসি ও বিসিবির মধ্যকার অভ্যন্তরীণ আলোচনার অংশবিশেষ। এটি ম্যাচ ভেন্যু অন্য দেশে সরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের কোনো আনুষ্ঠানিক অনুরোধের জবাব নয়।

বিসিবি জানায়, তারা ভেন্যু পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে, তবে এ বিষয়ে এখনো আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা