প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রাতরাশ বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরা এলাকায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে উপস্থিত ছিলেন জার্মান দূতাবাসের পলিটিক্যাল ও প্রেস অফিসার শারলিনা নুজহাত কবির।

বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়—এমন মন্তব্য করা হয়। নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্যভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে জার্মানির সহযোগিতা ও কারিগরি সহায়তার বিষয়টি আলোচনায় আসে।

এছাড়া বাংলাদেশের নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা উন্নয়ন এবং সামগ্রিক সামাজিক অগ্রগতিতে জার্মানির অব্যাহত সহায়তার প্রত্যাশা তুলে ধরা হয়।

বৈঠকে দেশের টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার বিষয়েও গঠনমূলক মতবিনিময় হয়। পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা