হিমালয়ের পাদদেশ ঘেঁষা অঞ্চল হওয়ায় উত্তরের বরফশীতল বাতাসের প্রভাবে দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। পুরো এলাকাজুড়ে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বইছে, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ এবং বাতাসের গতি ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার। এর আগের দিন সোমবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডার কারণে শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত অসুস্থতা বাড়ছে। সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চাপ বেড়েছে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, বর্তমানে তেঁতুলিয়ায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বিরাজ করছে। তিনি বলেন, তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।