যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের বোলটন এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজন সিলেটিসহ মোট চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। সিলেটের বাসিন্দা নিয়াজ উদ্দিন জায়গিরদার নিহত তিনজন সিলেটির তথ্য নিশ্চিত করেছেন। তবে নিহত ট্যাক্সিচালক বাংলাদেশি কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের বরাত দিয়ে জানা যায়, সংঘর্ষে নিহতদের মধ্যে তিনজন তরুণ এবং একজন ট্যাক্সিচালক ছিলেন। নিহতরা হলেন—মোহাম্মদ জিব্রায়েল মুখতার (১৮), ফারহান প্যাটেল (১৮), মোহাম্মদ দানিয়াল (১৯) এবং ট্যাক্সিচালক মাসরব আলি (৫৪)।
আহত পাঁচজনের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে দুই থেকে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে এবং গাড়ির ভয়াবহ ক্ষয়ক্ষতি দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। ঘটনার সময় কেউ ভিডিও ধারণ করে থাকলে বা দুর্ঘটনার বিষয়ে তথ্য থাকলে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
ইতোমধ্যে নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং পুলিশ তাদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। স্থানীয় কমিউনিটি নেতারাও এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
সবশেষ পাওয়া তথ্যে জানা গেছে, নিহত চারজনের বাড়িই সিলেট অঞ্চলে। তবে তাদের বাংলাদেশের বিস্তারিত ঠিকানা সম্পর্কে এখনো পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।