উচ্চ আদালত থেকে আপিলের রায় পেয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার ঘোষণা আগেই দিয়েছিলেন তিনি।
সোমবার (১২ জানুয়ারি) হাইকোর্টের রায়ের বিষয়টি নিজেই নিশ্চিত করেন হিরো আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি। মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ ফিরে পেলাম।”
নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে গণমাধ্যমকে হিরো আলম বলেন, সাম্প্রতিক সময়ে নির্বাচনী আমেজ কিছুটা স্তিমিত মনে হচ্ছে। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এবারের নির্বাচন সুষ্ঠু হবে এবং নতুন ভোটারসহ সবাই যেন পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পান—এটাই তার প্রত্যাশা।
এর আগে সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে ৪১ জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়, ২৩ জনের আবেদন নামঞ্জুর হয়, পাঁচজনের বিষয় অপেক্ষমাণ রাখা হয় এবং একজন প্রার্থী আবেদন প্রত্যাহার করেন।
এদিকে দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থী এ কে এম ফজলুল হকের আপিল খারিজ করা হয়েছে। একই কারণে শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর মনোনয়ন স্থগিত রয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, মোট ৬৪৫টি আপিলের নিষ্পত্তি করা হবে আগামী ১৮ জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি এবং ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে।