প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সহিংসতায় বহু প্রাণহানির পর ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৬

ইরানের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক সহিংসতা ও দাঙ্গায় সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রাণহানির ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এই সিদ্ধান্ত জানানো হয়।

 

সোমবার (১২ জানুয়ারি) রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানায়, সরকারবিরোধী ও সন্ত্রাসী গোষ্ঠীর নেতৃত্বে সংঘটিত সহিংস কর্মকাণ্ডে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিহত হওয়ার পর এই শোক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, নিহতদের স্মরণে রাষ্ট্রপতি ও মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে শোক পালন করছেন।

 

সরকারি বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী প্রতিরোধ আন্দোলনের সময় যারা প্রাণ হারিয়েছেন, তাদের স্মরণেই এই জাতীয় শোক পালিত হচ্ছে। একই সঙ্গে সহিংস হামলাকে দায়েশের মতো উগ্রবাদী তৎপরতার সঙ্গে তুলনা করে বলা হয়, এসব হামলায় সাধারণ নাগরিক, বাসিজ স্বেচ্ছাসেবক ও পুলিশ সদস্যরা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন।

 

ইরান সরকার দাবি করেছে, এসব সহিংস ঘটনার পেছনে বিদেশসমর্থিত গোষ্ঠীগুলোর সংশ্লিষ্টতা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অপরাধীদের বিচারের আওতায় আনা হবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

 

সরকারের তথ্যমতে, সাম্প্রতিক সময়ে রাজতন্ত্রপন্থি দাঙ্গাকারীরা বিভিন্ন শহরে সরকারি দপ্তর, পুলিশ স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে বহু মানুষ আহত হয়েছেন এবং নিরাপত্তা বাহিনীর একাধিক সদস্য নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা