দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখন পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না, যা জাতির জন্য চিন্তার বিষয়।
তিনি আরও বলেন, চলমান নির্বাচনী প্রক্রিয়ায় এখন পর্যন্ত পরিবেশ মোটামুটি স্বাভাবিক থাকলেও প্রচার কার্যক্রম শুরু হলে প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হয়ে উঠবে বলে বিএনপি মনে করে।
ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ক্রিকেট শুধু খেলা নয়—এতে দেশের সম্মান জড়িত। ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
তিস্তা ও অন্যান্য অভিন্ন নদীর পানি বণ্টন প্রসঙ্গে বিএনপির অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ভারতের সঙ্গে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এসব ইস্যুর সমাধানে দলটি অঙ্গীকারবদ্ধ।
দলীয় কর্মসূচির বিষয়ে তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি। এর বাইরে অন্য কোনো সনদের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকা নিয়ে তিনি বলেন, তাঁর নেতৃত্ব ও কর্মসূচি দলের ভেতরে নতুন উদ্দীপনা তৈরি করেছে এবং নেতাকর্মীদের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে।
নির্বাচন কমিশনের অনুমতি সাপেক্ষে ভবিষ্যৎ কর্মসূচির কথা জানিয়ে তিনি বলেন, তারেক রহমান শহীদদের কবর জিয়ারত করবেন এবং রংপুরসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে শ্রদ্ধা জানাবেন।
মতবিনিময় সভায় বিএনপির ঠাকুরগাঁও জেলা সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।