দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতার কারণে চট্টগ্রাম-৯ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের আপিল আবেদন নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না।
সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন এ সিদ্ধান্ত জানায়। এর আগে গত ৪ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত কারণে ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হলফনামায় ডা. ফজলুল হক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করার কথা উল্লেখ করেন এবং জানান, তিনি গত ২৮ ডিসেম্বর নাগরিকত্ব পরিত্যাগ করেছেন। তবে মনোনয়ন যাচাইয়ের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, নাগরিকত্ব ত্যাগের পক্ষে কোনো আনুষ্ঠানিক নথি জমা দেওয়া হয়নি। এ কারণেই মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়।