আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সেল নির্বাচন পূর্ব অনিয়ম রোধে গঠন করা হবে এবং এর কার্যক্রমের প্রতিবেদন সচিবালয়ে পাঠাতে হবে। রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে সদস্যদের তালিকা এবং মোবাইল নম্বরসহ তথ্য দ্রুত কমিশনকে প্রেরণ করতে।
নির্দেশনার আওতায় নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রিটার্নিং অফিসারের নেতৃত্বে একটি শক্তিশালী সেল গঠন হবে। এতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসার, পুলিশ, সেনা, নৌ ও বিমান বাহিনীসহ অন্যান্য বাহিনীর মনোনীত কর্মকর্তা থাকবেন। সেল ভোটকেন্দ্র ও ভোটকক্ষের বাহিরে নিরাপত্তা নিশ্চিত করা, বেআইনি অস্ত্র উদ্ধার এবং চিহ্নিত সন্ত্রাসী ও মাস্তানদের গ্রেফতারের দায়িত্ব পালন করবে।