সদ্য অনুষ্ঠিত প্রাথমিক স্কুলে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, জালিয়াতি ও অনিয়মের অভিযোগ ওঠায় পরীক্ষার্থী এবং নিয়োগপ্রত্যাশীরা পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, অভিযোগের তদন্ত করা হবে এবং প্রমাণিত হলে পরীক্ষা বাতিল করা হবে।
ডিজি শামসুজ্জামান বলেন, এর আগে দুটি পরীক্ষা বাতিল করা হয়েছিল। কিন্তু অনিয়ম প্রমাণিত না হলে ফল প্রকাশ করা হবে।
তিনি আরও জানিয়েছেন, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় নকলের চেষ্টা হয়েছে, তবে প্রশ্নফাঁস হয়নি। এ ধরনের অনিয়মের দায়ে ২০৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং বিভিন্ন স্থানে মামলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।