প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এফডিসি পরিদর্শন করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) পরিদর্শন করেছেন। রোববার (১১ জানুয়ারি) এ পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

পরিদর্শনকালে বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি উপদেষ্টাকে সংস্থাটির সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি বিএফডিসির বিভাগভিত্তিক সুযোগ-সুবিধা, ডিজিটাল সেবা ব্যবস্থা, শুটিং ফ্লোর, সাউন্ড স্টুডিও ও এডিটিং ল্যাব ঘুরিয়ে দেখান। পাশাপাশি চলমান প্রকল্প ও সাম্প্রতিক সময়ে নেওয়া বিভিন্ন ইতিবাচক উদ্যোগের অগ্রগতিও তুলে ধরেন।

পরিদর্শন শেষে উপদেষ্টা বিএফডিসির উন্নয়ন পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রতিষ্ঠানের অবকাঠামো ও সুযোগ-সুবিধা আরও সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন। এ সময় চলমান অবকাঠামো নির্মাণকাজ এবং পরিকল্পনাধীন কবিরপুর ফিল্ম সিটি প্রকল্পের অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।

এ ছাড়া পরিদর্শনকালেই উপদেষ্টা বিএফডিসির অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, যা প্রতিষ্ঠানটির ডিজিটাল কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা