প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে বড় পরিসরে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। রোববার (১১ জানুয়ারি) ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভারস আইজাবস।

বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বিষয়টি জানান। তিনি বলেন, আলোচনায় নির্বাচন প্রস্তুতি, লেভেল প্লেয়িং ফিল্ড, গণভোটে ‘হ্যাঁ’ ভোটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসে।

প্রেস সচিব জানান, ইভারস আইজাবস মনে করেন আসন্ন নির্বাচন বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। এ কারণেই ইউরোপীয় ইউনিয়ন ব্যতিক্রমধর্মীভাবে বড় আকারের পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি উল্লেখ করেন, অনেক দেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না, তবে বাংলাদেশের সঙ্গে তাদের দীর্ঘদিনের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে।

ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত সাড়ে ১৬ বছরে বাংলাদেশে অনুষ্ঠিত কোনো জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠায়নি। ইভারস আইজাবসের মতে, আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য ছিল না। তবে এবারের নির্বাচনকে ঘিরে দেশজুড়ে ইতিবাচক পরিবেশ ও জনসম্পৃক্ততা লক্ষ করা যাচ্ছে।

প্রেস সচিব বলেন, বৈঠকে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি। তবে গণভোট প্রসঙ্গে ইইউ প্রতিনিধি বলেন, ‘হ্যাঁ’ ভোট সংস্কার কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইইউ পর্যবেক্ষক দল দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং বড় রাজনৈতিক দলসহ অন্যান্য অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে পুরো নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বলে জানানো হয়।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৈঠকে ইইউকে আশ্বস্ত করেন যে নির্বাচন ও গণভোট হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে।

নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে, যা কেন্দ্রীয় অ্যাপের মাধ্যমে সার্বক্ষণিক মনিটর করা যাবে। সব কেন্দ্রে থাকবে সিসিটিভি, আর দ্রুত প্রতিক্রিয়ার জন্য সেনাবাহিনী থাকবে র‌্যাপিড রেসপন্স ফোর্স হিসেবে।

প্রেস সচিব আরও জানান, গণভোটে ‘হ্যাঁ’ ভোট চাওয়ার বিষয়ে আইনগত কোনো বাধা নেই বলে শীর্ষ আইন বিশেষজ্ঞরা মত দিয়েছেন। ফলে সরকার এ বিষয়ে প্রচার ও জনসচেতনতা কার্যক্রম চালাবে।

প্রধান উপদেষ্টা বলেন, ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও অপপ্রচার বড় চ্যালেঞ্জ হলেও তা মোকাবিলায় নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নারী ও তরুণদের ব্যাপক অংশগ্রহণে এবারের নির্বাচনে ভালো ভোটার উপস্থিতি নিশ্চিত হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা