প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি আখতার হোসেনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে আয়োজনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তার অভিযোগ, সদ্য অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও ডিজিটাল জালিয়াতির সুস্পষ্ট প্রমাণ রয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে রংপুরের পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের অনন্তরাম দশগাঁও এলাকায় একটি স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত কর্মিসভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, গোপনে প্রশ্ন পেয়ে যারা পরীক্ষায় অংশ নিয়েছে, তারা অন্যায়ভাবে সুবিধা পেয়েছে। এতে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়েছেন। তিনি প্রশ্ন তুলে বলেন, অর্থের বিনিময়ে প্রশ্ন সংগ্রহ করে যারা শিক্ষক হিসেবে নিয়োগ পাবে, তারা ভবিষ্যতে শিক্ষার্থীদের কী শিক্ষা দেবে? এতে শিক্ষা ব্যবস্থার নৈতিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে। যেসব পরীক্ষায় অনিয়মের অকাট্য প্রমাণ রয়েছে, সেগুলো বাতিল করে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় নতুন করে পরীক্ষা গ্রহণ করা জরুরি। প্রকৃত মেধাবী শিক্ষক বাছাই না হলে দেশের শিক্ষা ব্যবস্থা কখনোই কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

কর্মিসভায় জেলা জামায়াতের সেক্রেটারি ও রংপুর-৪ আসনের জোটের নির্বাচনী সমন্বয়কারী মোস্তাক আহমেদ, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মোস্তাইন বিল্লাহ, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ ইদ্রিস আলী, ইউনিয়ন এনসিপির আহ্বায়ক আব্দুল গনি মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা