ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র যাচাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের দ্বিতীয় দিনের শুনানি রোববার (১১ জানুয়ারি) অনুষ্ঠিত হয়েছে। এদিন নির্বাচন কমিশন (ইসি) মোট ৭০টি আপিলের শুনানি গ্রহণ করে।
শুনানি শেষে নির্বাচন কমিশন জানায়, এসব আপিলের মধ্যে ৫৭টি আবেদন মঞ্জুর করা হয়েছে। অপরদিকে বিভিন্ন কারণে ৭ জনের আপিল খারিজ করা হয়েছে এবং ৬ জনের আপিল পরবর্তী সিদ্ধান্তের জন্য মুলতবি (পেন্ডিং) রাখা হয়েছে। পেন্ডিং তালিকাভুক্ত প্রার্থীদের আলাদা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এদিন আরও জানানো হয়, আগের দিন বিবেচনাধীন থাকা মুন্সীগঞ্জ–৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দিনের আপিলও মঞ্জুর করেছে কমিশন।
নির্বাচন কমিশনের তথ্যমতে, আপিল শুনানি শুরু হয়েছে শনিবার (১০ জানুয়ারি) সকাল ১০টা থেকে এবং এই প্রক্রিয়া চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।
শুনানির সময়সূচি অনুযায়ী— ১০ জানুয়ারি: আপিল নম্বর ১–৭০ ,১১ জানুয়ারি: ৭১–১৪০ ,১২ জানুয়ারি: ১৪১–২১০ ,১৩ জানুয়ারি: ২১১–২৮০
সংশোধিত নির্বাচনী তফসিল অনুযায়ী, আপিল নিষ্পত্তির সময় নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।