প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনে কোনো দল বাড়তি সুবিধা পাচ্ছে না: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলকে বিশেষ বা বাড়তি সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রয়েছে এবং সরকার নিরপেক্ষ অবস্থানে আছে।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষকের বৈঠক হয়েছে। ওই বৈঠকে ইইউ আসন্ন নির্বাচনে বড় পরিসরে পর্যবেক্ষক দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে। তিনি বলেন, অতীতের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য না হওয়ায় ইইউ আগে কোনো পর্যবেক্ষক পাঠায়নি।

শফিকুল আলম আরও বলেন, নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে সামাজিক যোগাযোগমাধ্যম। পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিভ্রান্তিকর তথ্য ছড়াতে পারে বলে আশঙ্কা রয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশনের মূল্যায়নে বর্তমান পরিস্থিতি সন্তোষজনক। বিচ্ছিন্ন কিছু হত্যাকাণ্ড ঘটলেও প্রতিটি ঘটনাই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে।

এ সময় গণভোট প্রসঙ্গে তিনি জানান, বৈঠকে এ বিষয়েও আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে পারে বলেও ইইউ প্রতিনিধিদের জানানো হয়েছে। নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে।

ব্রিফিংয়ে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, নরসিংদীর মনি চক্রবর্তী হত্যাকাণ্ডটি পারিবারিক বিরোধের জেরে ঘটলেও এটিকে সাম্প্রদায়িক ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর। তিনি যাচাই ছাড়া এমন বক্তব্য না দেওয়ার আহ্বান জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা