প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৩৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬

রাজধানীতে অপরাধ দমনে চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ ফেজ-২ এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে বিভিন্ন থানায় মোট ৩৯ জনকে আটক করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তারদের মধ্যে বনানী থানা থেকে ৫ জন, খিলক্ষেত থানা থেকে ১০ জন, মিরপুর মডেল থানা থেকে ৩ জন, শেরেবাংলা নগর থানা থেকে ৮ জন এবং যাত্রাবাড়ী থানা এলাকা থেকে সর্বোচ্চ ১৩ জনকে আটক করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার তথ্য অনুযায়ী, শনিবার (১০ জানুয়ারি) দিনব্যাপী অভিযানে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

এদিকে শেরেবাংলা নগর থানা পুলিশ নিয়মিত মামলা, পুরনো মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৮ জনকে আটক করে। খিলক্ষেত থানা পুলিশও পৃথক অভিযানে ১০ জনকে গ্রেপ্তার করে।

অন্যদিকে বনানী থানায় ৫ জন এবং মিরপুর মডেল থানা এলাকা থেকে নিয়মিত মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত সকল ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা