প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

ভাটারা থানার ভেতর থেকেই পুলিশের মোটরসাইকেল চুরি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬

রাজধানীর ভাটারা থানার অভ্যন্তর থেকে পুলিশের একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে সংঘটিত এই ঘটনার পুরো দৃশ্য থানায় স্থাপিত সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে।

থানা সূত্রে জানা যায়, চুরি হওয়া মোটরসাইকেলটি ইয়ামাহা এফজেডএস ভার্সন–২ মডেলের, কালো রঙের। এটি ভাটারা থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফিরোজের ব্যক্তিগত ব্যবহারের বাইক।

ভোরের দিকে থানার উত্তর গেটের ভেতরে পানির ট্যাংকের পাশে তালাবদ্ধ অবস্থায় মোটরসাইকেলটি রাখা ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশ পরা দুই ব্যক্তি প্রথমে থানার গেটের সামনে কিছু সময় ঘোরাফেরা করেন। পরে একজন থানার ভেতরে ঢুকে মোটরসাইকেলের তালা ভাঙেন, আর অপরজন বাইরে অবস্থান নিয়ে পাহারা দিতে থাকেন।

এরপর দুজন মিলে বাইকটি ঠেলে থানার সীমানা পেরিয়ে দ্রুত সেখান থেকে সরে পড়েন।

এএসআই ফিরোজ জানান, শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দায়িত্ব পালনকালে তিনি মোটরসাইকেলটি থানার ভেতরে রেখে বাইরে যান। সকালে ফিরে এসে বাইকটি না পেয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির বিষয়টি নিশ্চিত হন। এ সময় মোটরসাইকেলের সঙ্গে থাকা হেলমেটটিও চোরেরা নিয়ে গেছে।

তিনি আরও বলেন, বাইকটিতে একটি জিপিএস ট্র্যাকার সংযুক্ত ছিল। তবে চোরেরা সেটি খুলে ফেলায় মোটরসাইকেলের অবস্থান শনাক্ত করা সম্ভব হচ্ছে না।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা