প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাবেক মেয়র লিটনের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬

পতিত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১১ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)–এর পক্ষ থেকে পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান আদালতে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, খায়রুজ্জামান লিটন ও তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত একাধিক ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব লেনদেন সংঘবদ্ধ অপরাধ ও অর্থপাচারের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

আবেদনে আরও বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো অপরাধলব্ধ অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর করে সম্পদ অর্জন এবং ভোগ-বিলাসে ব্যবহার করেছে—এমন প্রাথমিক সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। বিষয়টি বর্তমানে অনুসন্ধানাধীন থাকায় তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ৪১টি ব্যাংক হিসাবে জমাকৃত অর্থ উত্তোলন বা স্থানান্তর রোধ করা জরুরি।

এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৬ মার্চ আদালত খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার এবং দুই কন্যা আনিকা ফারিহা জামান ও মায়সা সামিহা জামানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা