প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ক্ষমতার ভার জনগণের দিকে রাখতে গণভোটে ‘হ্যাঁ’ জরুরি: রিজওয়ানা হাসান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাষ্ট্র পরিচালনার ভার যদি জনগণের পক্ষে রাখতে হয় এবং ক্ষমতার কেন্দ্র জনগণের দিকেই রাখতে চাই, তাহলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিতে হবে।

রোববার (১১ জানুয়ারি) গুলশান-২ নগর ভবনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ‘নাগরিক পদক’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশবাসীকে একই দিনে দুটি ভোট দিতে হবে। একটি সংসদ নির্বাচনের জন্য, অন্যটি গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য। সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ের পাশাপাশি গণভোটের সিদ্ধান্ত বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, দেশবাসী যদি প্রকৃত অর্থে সংস্কার চায়, তাহলে এর উত্তর হতে হবে ‘হ্যাঁ’। এই সুযোগ অবহেলায় হারালে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার সম্ভাবনা দীর্ঘদিনের জন্য নষ্ট হয়ে যেতে পারে।

গণভোটের প্রস্তাবনাগুলো ভালোভাবে পড়া ও বোঝার ওপর গুরুত্ব দিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সরকার প্রদত্ত তথ্য যাচাই করে সচেতন সিদ্ধান্ত নিতে হবে। তরুণ সমাজকে উদ্দেশ করে তিনি বলেন, যেভাবে তরুণরা স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশকে মুক্ত করেছে, এখন সেই অর্জন রক্ষার দায়িত্বও তাদের নিতে হবে, যাতে অতীতের ত্যাগ বৃথা না যায়।

তিনি আরও বলেন, ভয়কে জয় করেই সামনে এগোতে হবে। বাংলাদেশের মানুষ বারবার ভয়ের রাজনীতি পরাজিত করেছে। তরুণদের আত্মত্যাগের প্রতিফলন ১২ ফেব্রুয়ারির ভোটে দেখতে চান বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে নাগরিক দায়িত্ববোধ ও নগর উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘নাগরিক পদক-২০২৫’ প্রদান করা হয়।

ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার সচিব রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান, লেখক ও চিন্তাবিদ সলিমুল্লাহ খান এবং ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানসহ অন্যান্য অতিথিরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা