পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আন্তর্জাতিক আইন মেনে চলা, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি বজায় রাখার বিষয়ে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) যে সম্মিলিত অবস্থান নিয়েছে—বাংলাদেশ তার সঙ্গে পুরোপুরি একমত।
শনিবার (১০ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ২২তম অতিরিক্ত অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
এই বিশেষ অধিবেশন আহ্বান করা হয় তথাকথিত সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি দেওয়ার ঘটনা, এর ফলে সোমালিয়ার ফেডারেল প্রজাতন্ত্রের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাব এবং এর বৃহত্তর আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে।
বক্তব্যে তৌহিদ হোসেন ওআইসিকে আহ্বান জানান, তথাকথিত সোমালিল্যান্ডের ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানাতে। একই সঙ্গে তিনি সোমালিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সংগঠনটির দৃঢ় ও নিরবচ্ছিন্ন সমর্থন পুনর্ব্যক্ত করার ওপর জোর দেন।
তিনি আরও বলেন, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস গ্রহণযোগ্য নয়। ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিক ব্যবস্থাই শেষ পর্যন্ত বলপ্রয়োগ ও চাপের রাজনীতিকে পরাজিত করবে—এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের অধিবেশন উপলক্ষে একটি সিনিয়র কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনটির সদস্য দেশগুলোর বিপুল সংখ্যক প্রতিনিধি অংশ নেন।
বৈঠকে ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সংহতি প্রকাশ করা হয় এবং ফিলিস্তিনি স্বার্থ রক্ষায় ওআইসির ভূমিকার গুরুত্ব আবারও তুলে ধরা হয়।