প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খুলনার গভীর রাতে যুবককে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬

খুলনার রূপসা উপজেলায় গভীর রাতে দুর্বৃত্তদের গুলিতে আব্দুল রাশেদ বিকুল নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বিকুল দৌলতপুর উপজেলার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা এবং আব্দুল আওয়ালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাগমারা এলাকায় অবস্থানকালে বিকুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের প্রাথমিক ধারণা, নিজেদের মধ্যে প্রভাব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই গুলির ঘটনা ঘটে থাকতে পারে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, রাত ১টার দিকে নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠ এলাকায় বিকুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ তথ্য সংগ্রহ করছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা