প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আপিলে বৈধতা ফিরে পেলেন ইসলামী আন্দোলনের প্রার্থী মানসুর আহমদ সাকী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬

চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটরিয়ামে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার আবেদন মঞ্জুর করে। এর মাধ্যমে তার প্রার্থিতা পুনর্বহাল হয়।

এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় হলফনামায় স্বাক্ষর সংক্রান্ত ত্রুটির কথা উল্লেখ করে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন।

আপিল গ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুফতি মানসুর আহমদ সাকী সন্তোষ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আপিল শুনানিতে নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছেন।’

তিনি আরও জানান, আইন ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাবেন এবং জনগণের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি তুলে ধরবেন।

উল্লেখ্য, চাঁদপুর-২ আসনে প্রাথমিক যাচাই-বাছাইয়ে মোট ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছিল। পরবর্তীতে একাধিক প্রার্থী আপিল করলে নির্বাচন কমিশন শুনানি শেষে পৃথক সিদ্ধান্ত জানায়। মুফতি মানসুর আহমদ সাকীর প্রার্থিতা ফিরে পাওয়ায় এ আসনের নির্বাচনী প্রতিযোগিতায় নতুন গতি আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা