প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গণভোটে হ্যাঁ এর পক্ষে ক্যাম্পেইন চালাবে ডাকসু : সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক ভিত মজবুত করতে হলে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ী করাই এখন প্রধান লক্ষ্য। এ উদ্দেশ্যে সারা দেশে ব্যাপক জনসচেতনতামূলক ক্যাম্পেইন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ডাকসু। খুব শিগগিরই দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হল অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এবং আসন্ন ও ভবিষ্যৎ নির্বাচনে এর প্রতিরোধ’ শীর্ষক এক বিশেষ সেমিনারে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সাদিক কায়েম।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের স্পষ্ট আহ্বান—সংস্কারের এই যাত্রাপথে কেউ যেন বাধা হয়ে না দাঁড়ায়। অতীতে সংস্কারের বিরোধিতা করেই অনেক দল নিজেরাই নিপীড়নের শিকার হয়েছে। সাময়িক স্বার্থে আবার যেন সেই ভুলের পুনরাবৃত্তি না হয়।

জুলাইয়ের গণআন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শহীদরা জীবন দিয়েছেন একটি নতুন রাষ্ট্র গড়ার স্বপ্নে। প্রায় ৪০ হাজার মানুষ আহত হয়ে অঙ্গ হারিয়েছেন। এই ত্যাগ কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না।

ক্যাম্পাস রাজনীতি নিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে আর লেজুড়বৃত্তিক রাজনীতি, দখলদারিত্ব কিংবা ফ্যাসিবাদী আমলের সংস্কৃতি মেনে নেওয়া হবে না। শিক্ষক নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে মেধা ধ্বংসের যে চর্চা হয়েছে, তা বন্ধ করতে হবে। যারা ক্যাম্পাসে গণতন্ত্র ও স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি দেবে, শিক্ষার্থীরা তাদের পাশেই থাকবে।

২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, এসব নির্বাচনে তরুণরা কার্যত ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দুঃখজনকভাবে কিছু শিক্ষক ও তথাকথিত বুদ্ধিজীবী এসব নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছেন। জুলাই বিপ্লব প্রমাণ করেছে—পরিবর্তনের মূল শক্তি তরুণরাই। তাই ২০২৬ সালের নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হতে হবে; কোনো ধরনের কারচুপি বা ইঞ্জিনিয়ারিং চলবে না।

নির্বাচন কমিশন, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন ব্যাহত হলে দেশ আবার ভুল পথে হাঁটবে। সাময়িক লাভের আশায় ক্ষমতায় যাওয়ার চেষ্টা জাতির জন্য কল্যাণ বয়ে আনবে না।

সবশেষে তিনি বলেন, পারস্পরিক কাদা ছোড়াছুঁড়ি বন্ধ করে জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক ও সুন্দর বাংলাদেশ গড়তে হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা