প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচন বানচালের যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবিলা করা হবে: মির্জা আব্বাস

নতুন দায়িত্বে মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যেখানে যেখানে নির্বাচনকে ব্যাহত করার অপচেষ্টা হবে, সেখানেই তা প্রতিহত করা হবে। কোনো ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া হবে না।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন ভণ্ডুল করার চেষ্টা করছে। তবে জনগণ ও দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো চক্রান্তই সফল হবে না। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, উসকানিতে পা না দিয়ে সতর্ক ও সংযত থাকার।

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নিলে জনগণই তা প্রতিরোধ করবে। এ দেশের মানুষ আর তাদের গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন তিনি।

বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র ও সুষ্ঠু ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার জানাজায় মানুষের ঢল প্রমাণ করে, জনগণের ভালোবাসা কখনো দমন করা যায় না।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপিকে পরাজিত করার ক্ষমতা কারও নেই। দেশের মানুষ এখন বিকল্প হিসেবে বিএনপিকেই দেখছে এবং এই জনসমর্থনের ধারাবাহিকতায় দলটি বিজয়ী হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা