প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সংসার ভাঙছে তাহসান–রোজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের দ্বিতীয় সংসার আর টিকল না। মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে তার দাম্পত্য জীবনের ইতি ঘটেছে—এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন তাহসান।

দীর্ঘদিন ধরে সম্পর্কের টানাপোড়েন নিয়ে গুঞ্জন চললেও এবার আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের কথা স্বীকার করলেন এই তারকা। তাহসান জানান, গত বছরের জুলাই মাসের শেষ দিক থেকেই তারা আলাদা থাকছেন।

ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনিচ্ছুক হলেও সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের কারণেই তাকে মুখ খুলতে হয়েছে বলে জানান তিনি। তাহসানের ভাষ্য, “খবরটি সত্য। আমরা আর একসঙ্গে নেই। উপযুক্ত সময়ে বিস্তারিত জানানো হবে।”

মূলত বিবাহবার্ষিকী ঘিরে ভুয়া খবর ছড়ানো শুরু হলে সত্যটা জানানো প্রয়োজন বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি স্বল্প পরিচয়ের পর রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান। রোজা একজন পেশাদার মেকআপ আর্টিস্ট, যিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে কাজ করছেন। নিউইয়র্কে তার নিজস্ব একটি প্রতিষ্ঠানও রয়েছে।

বিয়ের পর শুরুতে তাদের দাম্পত্য জীবন স্বাভাবিক বলেই ধারণা করা হয়েছিল। তবে কয়েক মাসের মধ্যেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়। বিচ্ছেদের বিষয়ে বিস্তারিত জানতে তাহসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পরে আর কথা বলা সম্ভব হয়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা