প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১২ জানুয়ারির মধ্যে জোটের আসন ভাগাভাগির ঘোষণা: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আগামী ১২ জানুয়ারির মধ্যেই দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১০ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম জানান, জামায়াতে ইসলামীসহ একাধিক রাজনৈতিক দলের সঙ্গে এনসিপি নির্বাচনী জোট গঠন করেছে। তবে এখনো আনুষ্ঠানিকভাবে আসন বণ্টনের তালিকা প্রকাশ করা হয়নি। শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে তারা নির্বাচনী মাঠে সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে নিজেদের উদ্বেগের কথা তুলে ধরেছেন। তার দাবি, একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিতে প্রশাসনের ভেতরে ইঙ্গিতমূলক বার্তা দেওয়া হচ্ছে, যা নির্বাচনী পরিবেশে প্রভাব ফেলছে।

তিনি অভিযোগ করেন, ঋণখেলাপি থাকা সত্ত্বেও অনেক প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্নভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে। এসব বিষয়ে নির্বাচন কমিশন কার্যকর ও কঠোর পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় নির্বাচনী মাঠে নিরাপত্তাহীনতার বিষয়টিও তুলে ধরেন নাহিদ ইসলাম।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা